কেওড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রতিশ্রুতি তরিকুল ইসলাম সেন্টুর
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ৪ নম্বর কেওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তরিকুল ইসলাম সেন্টু বলেছেন, নির্বাচিত হলে কেওড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি শিক্ষা, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে কেওড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তরিকুল ইসলাম সেন্টু। পরে সাংরেঙ্গল বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাঁকে স্বাগত জানান।
তরিকুল ইসলাম সেন্টু স্বেচ্ছাসেবক দল, সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
সমাবেশে তিনি বলেন, “আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে কেওড়া ইউনিয়ন থেকে নির্বাচন করব। দলীয় মনোনয়ন পাই বা না পাই, আমি কেওড়া ইউনিয়নবাসীর খেদমত করতে চাই। নির্বাচনে কোনো বাধা-বিঘ্নকে আমি বাধা হিসেবে দেখব না।”
তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। ইউনিয়ন পরিষদ থেকে যে সম্মানী বা বেতন পাব, সেটিও ইউনিয়নবাসীর কল্যাণে ব্যয় করতে চাই। ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা আমাকে একবার সুযোগ দিলে কেওড়া ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তরিকুল ইসলাম সেন্টু বলেন, কেওড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।
তিনি বলেন, মানসম্মত ও কারিগরি শিক্ষার প্রসার, মাদ্রাসার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবেন। একই সঙ্গে গ্রামীণ সড়ক, ব্রিজ-কালভার্ট ও বাজারকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, সার ও সেচ সুবিধা এবং কৃষিপণ্য বিপণনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্বাস্থ্যসেবা, মাতৃসেবা, প্রবীণ ও প্রতিবন্ধীদের সহায়তা এবং সুবিধাবঞ্চিত পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি, দালালি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তরিকুল ইসলাম সেন্টু।
সমাবেশে কেওড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন