ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ই-রিকশা নিবন্ধন শুরু
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে আবেদন করলেই মিলবে না নিবন্ধন। নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-রিকশা তৈরি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে। এরপর প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করলে যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ই-রিকশা নিবন্ধন ও চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরে এসব কথা জানান ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি জানান, মঙ্গলবার থেকে ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম কোনোভাবেই সড়কে চলাচলের অনুমতিপত্র নয়। এটি কেবল নিবন্ধনের জন্য আবেদনপত্র। নির্ধারিত শর্ত পূরণ ও বুয়েটের ক্লিয়ারেন্স পাওয়ার পর আবেদন জমা দিতে হবে।
ই-রিকশা ব্যবস্থাপনায় নির্দিষ্ট মডেলের যান তৈরি ও মেরামতের জন্য ওয়ার্কশপ নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে ডিএসসিসির। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় বিস্তারিত আলোচনা এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা নির্ধারণ করা হবে।
প্রশাসক আবদুস সালাম বলেন, একবারে সব ই-রিকশা বন্ধ না করে ধাপে ধাপে সেগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে যেসব ই-রিকশা নির্ধারিত শর্ত পূরণ করবে, সেগুলোকে নিবন্ধন দেওয়া হবে।
ডিএসসিসি জানিয়েছে, প্রতিটি আবেদন ফরমের মূল্য ১০০ টাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও সিটি করপোরেশনের সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ফরম নিতে পারবেন।
রাজধানীর যানজট ও সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ হিসেবে ই-রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে উল্লেখ করে এ সমস্যা সমাধানে নাগরিক, মালিক-চালক ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ডিএসসিসি।

আপনার মতামত লিখুন