রেকর্ড গড়ে নিজেকে ছাড়িয়ে চলেছেন হাসান মাহমুদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, 3:56 pm
রেকর্ড গড়ে নিজেকে ছাড়িয়ে চলেছেন হাসান মাহমুদ

(বাসস) : টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন হাসান মাহমুদ। তাঁর নৈপুণ্যে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২৪ ওভারে ৯০ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান।

 

আজ সকালের সেশনে পাঁচ উইকেট তুলে নেন হাসান। এর মধ্যে ছিল সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুর গুরুত্বপূর্ণ উইকেটটি। প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যের পর বাংলাদেশকে বড় ব্রেকথ্রু এনে দেন এই পেসার।

 

আগের দিন ১১১ রানে অপরাজিত থাকা জাঙ্গু ২১২ বল মোকাবিলার পর হাসানের বলে বোল্ড হন। হাসানের করা বলটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। কিন্তু বল তাঁর অফ স্টাম্প উড়িয়ে নিয়ে যায়।

 

পরের বলেই আবার আঘাত হানেন হাসান। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রোস্টন চেজকে ফেরান তিনি। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তাঁর সামনে। তবে আম্পায়ারের এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে সফলভাবে রিভিউ নিয়ে বেঁচে যান অভিষিক্ত জশুয়া বিশপ।

 

এরপর মধ্যাহ্ন বিরতির আগে জাস্টিন গ্রিভসকে দারুণ স্টাম্পিংয়ের মাধ্যমে ফিরিয়ে হাসানের পাঁচ উইকেট প্রাপ্তিতে সহযোগিতা করেন উইকেটরক্ষক লিটন দাস।

 

টেস্ট ক্রিকেটে এটি হাসানের পঞ্চম পাঁচ উইকেট শিকার। এর মধ্য দিয়ে পাঁচ উইকেট নেওয়ার হিসাবে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে সফল বোলার হলেন তিনি। পেছনে ফেলেছেন ৩৮ টেস্টে চারবার পাঁচ উইকেট নেওয়া শাহাদাত হোসেনকে।

 

নিজের ১৯ টেস্টের ক্যারিয়ারে দেশের মাটিতে এটি হাসানের প্রথম পাঁচ উইকেট শিকার।

 

এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে, একই বছরের সেপ্টেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে, চলতি বছরের আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং গত মাসে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান। আবুধাবিতে তিনি হ্যাটট্রিকও করেছিলেন।

 

হাসানের এই পারফরম্যান্স বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথম দিন তাসকিন আহমেদের শুরুতে ২ উইকেট নেওয়ার পর শেষ দুই সেশনে মাত্র একটি উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ।

 

আগের দিন ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালো অবস্থানে ছিল। জাঙ্গু সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন, অন্য প্রান্তে জমে গিয়েছিলেন গ্রিভসও। তবে নতুন বলে হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের চিত্র বদলে যায়।