ঝালকাঠি জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, 7:18 pm
ঝালকাঠি জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান

 

মোঃ মাসুম খান, ঝালকাঠি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ নিয়েছেন অ্যাডভোকেট হাফিজুর রহমান। শুক্রবার (০৬ নভেম্বর) জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমীরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এ সময় বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে ফখরুদ্দীন খান রাযিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

 

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দাওয়াতি কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দায়িত্বশীলদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

শপথ গ্রহণের পর নবনির্বাচিত জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। ঝালকাঠি জেলার সর্বস্তরের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা নবনির্বাচিত জেলা আমীরকে অভিনন্দন জানান। তাঁর নেতৃত্বে ঝালকাঠি জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

 

পরে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।