খেলতে খেলতে শেখায় গুরুত্ব, সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, 11:34 am
খেলতে খেলতে শেখায় গুরুত্ব, সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

 

খেলাধুলা ও আনন্দময় কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়ানো এবং তাদের প্রকৃত শিখনদক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ দ্রুত পূরণের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।

 

সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

 

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের মধ্যে লার্নিং টয়েস বা শিখন উপকরণ বিতরণ করেন। এসব উপকরণ ব্যবহার করে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও দক্ষতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রাথমিক স্তরের মৌলিক শিখনদক্ষতা—পঠন, লিখন ও গণনাদক্ষতা যাচাই করেন তিনি।

 

প্রতিমন্ত্রী দেখেন, খেলনা ও হাতে-কলমে শেখার উপকরণ ব্যবহার করে শিশুরা আনন্দের সঙ্গে বিভিন্ন বিষয় সহজে বুঝতে পারছে। প্রচলিত পদ্ধতিতে যেসব বিষয় বুঝতে সময় লাগে, এসব উপকরণের মাধ্যমে সেগুলো তুলনামূলক সহজে আয়ত্ত করতে পারছে শিক্ষার্থীরা।

 

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করলেই হবে না। প্রতিটি শিশু শ্রেণিকক্ষে কী শিখছে, নির্ধারিত শিখনফল অর্জন করতে পারছে কি না এবং শিক্ষকরা কতটা কার্যকরভাবে পাঠদান করছেন, তা নিয়মিত যাচাই করতে হবে।

 

তিনি আরও বলেন, গণিত ও ইংরেজিসহ মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের যেসব ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রেণিভিত্তিক শিখনফল যাচাই এবং আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এসব ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব। লার্নিং টয়েসসহ কার্যকর শিখন পদ্ধতিগুলো আরও বিস্তৃতভাবে প্রয়োগের বিষয়টিও বিবেচনা করা হবে।

 

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব পদে দ্রুত নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে। দ্রুত নিয়োগ সম্পন্ন হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব আরও কার্যকর হবে।

 

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে বিদ্যমান নিয়োগবিধি ও পিএসসির প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাও নতুন করে তৈরি হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

 

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।