ঝালকাঠিতে পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, 11:43 pm
ঝালকাঠিতে পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ উজ্জল হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের রাজপাশা এলাকার সোনাই বাড়ির পুলসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় উজ্জল হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।