জাতীয় দলে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হামজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, 5:18 pm
জাতীয় দলে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হামজা

(বাসস) : সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আজ সোমবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের ফুটবল তারকা হামজা দেওয়ান চৌধুরী।

 

বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।

 

ক্লাবের ব্যস্ততার কারণে এর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

 

হামজার আগমনে স্বস্তি ফিরেছে বাংলাদেশের সমর্থকদের মধ্যেও। নকআউট পর্বের আগে তাঁর অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা করা হচ্ছে।

 

হামজাকে ছাড়াই সাফের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে দারুণ সূচনা করে লাল-সবুজের দল।

 

আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক হতে যাচ্ছে হামজার।

 

সাফ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলা বাংলাদেশের জন্য তাঁর উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজাকে মাঠে দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকেরা।