মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে বোয়েসেল, ডিসেম্বরের আগেই যাত্রা শুরুর লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলের সহযোগিতায় দ্রুত কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। তবে কোনো কারণে এক-দুই দিন সময় বেশি লাগতে পারে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের জন্য চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ২ নভেম্বর ডিএইচএলের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর ভিত্তিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের সময় মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক যোগ্যতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।
রাশেদুল হক বলেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি যাচাই-বাছাই করে যাঁদের নির্বাচন করবে, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।
তিনি জানান, পুরো নিয়োগ কার্যক্রম সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত অভিবাসনসংক্রান্ত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল কর্মী কিংবা নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অবৈধ লেনদেনে জড়ালে প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে রাশেদুল হক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার। সরকারের কর্মসংস্থানবিষয়ক পরিকল্পনার অংশ হিসেবে নিরাপদ, স্বচ্ছ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল। তাঁদের লক্ষ্য, অর্থের অভাবে কোনো যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি যেন বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন। শ্রমিকদের অর্থ নয়, বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন