গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা, নিহত ৬; আহত অন্তত ২০

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 4:16 pm
গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা, নিহত ৬; আহত অন্তত ২০

 

নিজস্ব প্রতিবেদক:

 

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। বৃহস্পতিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে হতাহতের এ তথ্য জানানো হয়েছে।

 

উদ্ধারকারী সংস্থাটির তথ্য অনুযায়ী, খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত হাসপাতালটির একটি ভবন থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হামলায় আহত ব্যক্তিদেরও উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। হাসপাতাল কর্তৃপক্ষও পৃথক বিবৃতিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

এদিকে, হামলার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, তারা ঘটনাটি সম্পর্কে তথ্য যাচাই করছেন।

 

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইলের সামরিক অভিযান শুরু হয়, যা দীর্ঘ দুই বছর ধরে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৩ বছর বয়সী এক কিশোরসহ সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো। তবে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ওই হামলায় তাদের লক্ষ্য ছিল সামরিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা।

 

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি সামরিক বাহিনী তাদের সাত সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছে।