হরমুজ প্রণালীতে দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন, ছিল ৪০ লাখ ব্যারেলের বেশি তেল
নিজস্ব প্রতিবেদক:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অনুমোদিত নৌপথ অমান্য করে চলাচলের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুটি তেলবাহী সুপারট্যাংকার। জাহাজ দুটিতে চার মিলিয়ন বা ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল ছিল বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিস্ফোরণের পর ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, বুধবার রাতে ট্যাংকার দুটি তাদের নৌবাহিনীর একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালীর নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করে। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে কী কারণে বা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। বিবৃতিতে শুধু বলা হয়েছে, শক্তিশালী বিস্ফোরণের ফলে জাহাজ দুটি অচল হয়ে পড়ে এবং বর্তমানে সেগুলোতে আগুন জ্বলছে।
ইরানের দাবি, মার্কিন সামরিক বাহিনীর ওপর অতিরিক্ত নির্ভরতার কারণেই ট্যাংকার দুটি এই বিপদের মুখে পড়েছে।
মধ্যপ্রাচ্যে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। ইরানের নির্ধারিত ও অনুমোদিত নৌপথ অনুসরণ করেই জাহাজগুলোকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা দেওয়ার কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো সংঘাত বা জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে একাধিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব ঘটনার কয়েকটিতে তেহরান সমুদ্র মাইনের বিস্ফোরণকে দায়ী করেছে।
তবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করা হয়েছে। দুই ট্যাংকারে আগুন লাগার সর্বশেষ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন