সিলেটের চা-বাগান থেকে ক্রিকেটে নতুন প্রতিভা খোঁজার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের চা-বাগান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলো থেকে নতুন ক্রিকেট প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিতে যাচ্ছে সিলেটের ক্রিকেট কর্তৃপক্ষ। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার, প্রতিভা অন্বেষণ এবং সংগঠিত প্রতিযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে এসব জনগোষ্ঠীর তরুণদের মূলধারার ক্রিকেটে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সিলেটের বিভিন্ন চা-বাগানের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতিভা থাকলেও ক্রিকেটে তাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে সীমিত। এ পরিস্থিতি পরিবর্তনে আন্তঃচা-বাগান ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিলেট থেকে নির্বাচিত পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী মনে করেন, সিলেটের ক্রিকেট উন্নয়নে চা-বাগানের জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। অতীতে অন্যান্য খেলায় এসব জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অবদান থাকলেও ক্রিকেটে তাদের প্রতিভা যথাযথভাবে অন্বেষণ করা হয়নি।
তিনি সিলেটের হকির ঐতিহ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খেলোয়াড়দের অবদানের কথা উল্লেখ করে জাতীয় দলের সাবেক অধিনায়ক জুম্মন লুসাই ও রামা লুসাইয়ের উদাহরণ তুলে ধরেন।
কাইয়ুম চৌধুরী বলেন, চা-বাগানের তরুণদের নিয়ে আন্তঃচা-বাগান ক্রিকেট টুর্নামেন্ট কিংবা অন্য কোনো কর্মসূচি আয়োজনের মাধ্যমে প্রতিভা খুঁজে বের করা যেতে পারে। এসব জনগোষ্ঠীর অনেক তরুণ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের ক্রিকেটে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।
এদিকে সিলেটের তৃণমূল ক্রিকেট কাঠামো পুনরুজ্জীবিত করাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। একসময় রাজিন সালেহ, অলক কাপালি, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের মতো ক্রিকেটার তৈরি করলেও বর্তমানে ধারাবাহিকভাবে নতুন খেলোয়াড় উঠে আসার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে অঞ্চলটি।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন জানান, স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ধারাবাহিকতা ফিরিয়ে আনা জরুরি। ২০০৩-০৪ ও ২০০৪-০৫ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে কাজ করার সময় তিনি জাতীয় দলে এ অঞ্চলের ছয়জন ক্রিকেটারকে দেখেছেন। আরও কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছিলেন।
তিনি বলেন, সে সময় স্থানীয় ক্রিকেট লিগ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই লিগ থেকেই খেলোয়াড়েরা বিভাগীয় দল হয়ে জাতীয় দলে জায়গা করে নিতেন। কিন্তু ধীরে ধীরে স্থানীয় লিগের ধারাবাহিকতা নষ্ট হওয়ায় নতুন খেলোয়াড় তৈরির পথও দুর্বল হয়ে পড়ে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট সম্প্রসারণ এবং নারী ক্রিকেটে গুরুত্ব বাড়ানোর পরিকল্পনা করছে। গত বছর চালু হওয়া স্কুল ক্রিকেট কার্যক্রম এবারও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
তবে ক্রিকেট উন্নয়নে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে পর্যাপ্ত অবকাঠামোর অভাব। সিলেটে ক্রিকেটের জন্য নির্দিষ্ট কোনো মাঠ নেই। জেলার প্রধান স্টেডিয়ামেই ফুটবল, ক্রিকেট, হকিসহ বিভিন্ন খেলার আয়োজন করতে হয়। ফলে নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন কঠিন হয়ে পড়ে।
এ সমস্যা সমাধানে নতুন একটি মাঠ বা স্টেডিয়াম নির্মাণের বিষয়টি বিবেচনা করছে প্রশাসন। পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলোচিত গ্রিন গ্যালারি প্রকল্পটিও নতুন করে পর্যালোচনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, চা-বাগানের তরুণদের জন্য নিয়মিত প্রতিযোগিতা, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে তারা সংগঠিত ক্রিকেট ব্যবস্থায় নিজেদের জায়গা তৈরি করতে পারবেন।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে ক্রিকেটের প্রসার ঘটলে এর সামাজিক ও অর্থনৈতিক সুফলও পাওয়া সম্ভব। তবে এ উদ্যোগকে টেকসই কর্মসূচিতে রূপ দিতে হবে, যাতে তা সাময়িক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।
প্রস্তাবিত উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের চা-বাগানগুলো বাংলাদেশের তৃণমূল ক্রিকেটে নতুন প্রতিভা অন্বেষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

আপনার মতামত লিখুন