ন্যাটোর সদস্যপদ পেতে রাশিয়াকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, 3:50 pm
ন্যাটোর সদস্যপদ পেতে রাশিয়াকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

 

নিজস্ব প্রতিবেদক:

 

ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার প্রকাশিত এক বক্তব্যে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, এ প্রস্তাবের মধ্য দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

 

একই সঙ্গে আসন্ন শীতকালীন সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়া সর্বশক্তি নিয়োগ করছে বলেও সতর্ক করেছেন তিনি। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

শীতের তীব্রতা বাড়ার আগেই ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানেও আপাতত নমনীয়তার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

 

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ পৃথক বৈঠকে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। এর আগে আবুধাবিতে দুই দিন ধরে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হলেও তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

 

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেলে দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে কি না। তাঁর দাবি, এ ধরনের প্রশ্ন এবারই প্রথম তোলা হয়েছে।

 

তিনি আরও বলেন, ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার পর এবং দেশটির সেনাবাহিনীর সক্ষমতা ও অগ্রগতি দেখার পর তাদের এভাবে ছেড়ে দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত হবে না।

 

জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক আলোচনায় ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে কিয়েভ। তবে মস্কো শুরু থেকেই এ সম্ভাবনাকে নিজেদের নিরাপত্তার জন্য ‘লাল রেখা’ হিসেবে বিবেচনা করে আসছে।

 

জেলেনস্কির বক্তব্য নিয়ে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ন্যাটো বা ওয়াশিংটন।

 

এদিকে ট্রাম্পের জামাতা কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আলোচনায় দুই পক্ষের কঠোর অবস্থান ও সর্বোচ্চ দাবিদাওয়ার বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তবে সংবেদনশীল আলোচনার গোপনীয়তা বজায় রেখে যুদ্ধ বন্ধের পথ খুঁজতে তাঁরা প্রচেষ্টা চালিয়ে যাবেন।

 

কুশনার জানান, আলোচনায় বেশ কয়েকটি নতুন ধারণা উঠে এসেছে, যেগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

 

চলতি সপ্তাহের বৈঠকগুলোতে যুদ্ধ অবসানের ভবিষ্যৎ আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ নিয়েও সমঝোতা হয়েছে। শুক্রবার ডাবলিনে ইউরোপের দেশগুলো এ আলোচনায় প্রতিনিধি পাঠানোর জন্য পাঁচটি দেশকে নির্বাচন করে। দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও পোল্যান্ড।

 

এদিকে শনিবারও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত ছিল। পূর্বাঞ্চলীয় শহর পাভলোহ্রাদ এবং জাপোরিঝিয়া অঞ্চলের কাছের একটি গ্রামে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। গ্রামটি সম্মুখসারির যুদ্ধক্ষেত্র থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরে অবস্থিত।

 

নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ

 

জেলেনস্কি জানান, পশ্চিমা অংশীদারদের সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করছে ইউক্রেন। তবে যেকোনো চুক্তি গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির জনগণ।

 

তিনি স্পষ্ট করে বলেন, রুশ বাহিনীর দখলে থাকা কোনো ভূখণ্ডকেই ইউক্রেন রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।

 

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে থেকেই ন্যাটোর সম্প্রসারণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে মস্কো। রাশিয়ার অভিযোগ ছিল, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক জোটটির সদস্য করার পরিকল্পনা করছে।

 

প্রায় দুই বছর ধরে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তবে ইউক্রেনে বিদেশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং বৃহত্তর পরিসরে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

 

চলতি সপ্তাহের শুরুতে পুতিন পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ানতিনিভকায় একটি ‘মানবিক’ মিশন পরিচালনার প্রস্তাব দেন। রাশিয়া গত গ্রীষ্মে শহরটি দখলের দাবি করলেও ইউক্রেনের দাবি, সেখানে এখনো লড়াই চলছে।

 

জেলেনস্কির অভিযোগ, দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রা সহজ করতেই এ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, দনবাসের অন্যান্য শহরও রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে।

 

রুশ সেনারা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হলেও দোনেৎস্ক অঞ্চলের পুরো এলাকা এখনো দখলে নিতে পারেনি।

 

‘প্রথমে যুদ্ধের অবসান হোক’

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ যুদ্ধের সমাধান নিয়ে আলোচনার পরিধি বাড়াতে চাইছে রাশিয়া। দেশটি এখন ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনার উদ্যোগ নিয়েছে।

 

২০২১ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল মস্কো। চলতি সপ্তাহে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি একটি ‘নতুন, আধুনিক ইয়াল্টা’ সম্মেলনের আহ্বান জানান। তাঁর এ বক্তব্যের সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা।

 

জেলেনস্কি বলেন, বৃহত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হওয়া উচিত যুদ্ধ শেষ হওয়ার পর। তবে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবে ইউরোপীয় নেতাদের তেমন আগ্রহ দেখা যায়নি।

 

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস শুক্রবার বলেন, এ বিষয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই, কারণ এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে বিদ্যমান।

 

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শনিবার বলেন, যারা ইউক্রেনকে সহায়তা সীমিত করতে চায়, তারা কার্যত দেশটির ওপর অন্যায্য শান্তিচুক্তি চাপিয়ে দেওয়ার পক্ষে। এর প্রভাব পুরো ইউরোপের ওপর পড়বে।

 

মাখোঁর ভাষায়, এ ধরনের অবস্থান পরাজয় মেনে নেওয়ার শামিল এবং ভবিষ্যতে আরেকটি যুদ্ধের পথ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করা মানে ফ্রান্স ও দেশটির জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও।