২০৩৫ সাল পর্যন্ত আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট সূচি অনুমোদন, বিশ্বকাপ হবে বাংলাদেশেও
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি ও সময়সীমা অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।
অনুমোদিত সূচিতে রয়েছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর ফলে সদস্য দেশ ও খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন আরও সহজ হবে বলে মনে করছে আইসিসি।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বলেন, বৈশ্বিক ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর নির্ধারিত সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব আয়োজন ক্রিকেটের প্রতিযোগিতামূলক পরিবেশ, জনপ্রিয়তা ও বিশ্বব্যাপী অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, খেলোয়াড় ও সদস্য বোর্ডগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে খেলোয়াড় উন্নয়ন, উচ্চ পারফরম্যান্স কর্মসূচি এবং সুসংগঠিত ক্রিকেট সূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। ২০৩০ সালের আসর আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ওই প্রতিযোগিতা চলবে ৪ জুলাই থেকে ৪ আগস্ট। পরবর্তী দুটি আসর অনুষ্ঠিত হবে ২০৩২ ও ২০৩৪ সালে। তবে এ দুটি আসরের আয়োজক এখনো নির্ধারণ করা হয়নি।
ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে ২০২৭ সালের আসর আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২০৩১ সালে উপমহাদেশে ফিরবে ক্রিকেটের এই বড় আয়োজন। ভারত ও বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপটি আয়োজন করবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। ২০৩৫ সালের বিশ্বকাপও অক্টোবর-নভেম্বরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দুই বছর পরপর জুন মাসে আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে। ২০২৯ সালের ফাইনাল ৮ থেকে ১২ জুন এবং ২০৩১ সালের ফাইনাল ১২ থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে। দুটি ফাইনালেরই আয়োজক ইংল্যান্ড। ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনালের ভেন্যু পরে ঘোষণা করা হবে।
অন্যদিকে, ২০২৯ সালে আবারও মাঠে গড়াবে আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত। পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০৩৩ সালের অক্টোবরে। তবে সেই আসরের আয়োজক এখনো নির্ধারিত হয়নি।
আইসিসির এই দীর্ঘমেয়াদি সূচির ফলে আগামী এক দশকের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্পর্কে সদস্য দেশগুলো আগাম ধারণা পাবে। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে সমন্বয় রেখে ঘরোয়া ক্রিকেট, খেলোয়াড় তৈরি এবং উচ্চ পারফরম্যান্স কর্মসূচি সাজানোর সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, বর্তমানে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দক্ষিণ আফ্রিকা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

আপনার মতামত লিখুন