ইউক্রেনের ১ হাজার ৩৩৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, মস্কো লক্ষ্য করে বড় হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, 7:27 pm
ইউক্রেনের ১ হাজার ৩৩৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, মস্কো লক্ষ্য করে বড় হামলা

 

নিজস্ব প্রতিবেদক:

 

ইউক্রেনের ছোড়া ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে কয়েক শ ড্রোন মস্কো অঞ্চলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এটিকে অন্যতম বড় ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে।

 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, গত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে আসা প্রায় ৬০০টি ড্রোন প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর দিকে অগ্রসর হওয়ার সময় ১৯১টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

 

তিনি জানান, অধিকাংশ ড্রোনই মস্কো থেকে দূরবর্তী এলাকায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, মস্কো অঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় এবং কৃষ্ণসাগর ও আজভ সাগরের ওপর ইউক্রেনের ড্রোন প্রতিহত করা হয়েছে।

 

এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার একটি বড় পেট্রোকেমিক্যাল কারখানা, একটি তেল শোধনাগার এবং সামরিক সরঞ্জাম উৎপাদনকেন্দ্রে হামলা চালায়। রাশিয়ার অভ্যন্তরে গভীর পর্যন্ত আঘাত হানার কিয়েভের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, এ হামলার কয়েক দিন পরই চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সোমবার চীন নিশ্চিত করেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে আগামী ১৯ নভেম্বর শেনজেনে এই বৈঠক হবে। এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।

 

বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বেইজিং। তবে ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান তিনি।

 

মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিন নেতার বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আলোচনার প্রধান বিষয় নাও হতে পারে। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটন কিয়েভ ও মস্কোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন আলোচকেরা রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।