৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, 7:28 pm
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

 

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের ধারাবাহিকতায় এ সফরের আয়োজন করা হচ্ছে। সফরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

 

প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন। হাসপাতালটি চালু হলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে এবং স্থানীয় বাসিন্দাদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

এ ছাড়া সফরে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবনের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পুনরায় সচল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

 

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফরের মাধ্যমে জেলার উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবনের বিষয়ে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।