জাতীয় যুব দিবসে সফল সংগঠক পুরস্কার পেলেন মাহিদুল ইসলাম রাব্বি
ঝালকাঠি প্রতিনিধি,
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ঝালকাঠি জেলার সফল যুব সংগঠক পুরস্কার পেয়েছেন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বি।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল যুব সংগঠক পুরস্কার তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আলাউদ্দিন।
যুবসমাজকে সংগঠিত করা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ মো. মাহিদুল ইসলাম রাব্বি এ পুরস্কারে ভূষিত হন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে রাব্বি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং যারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সবার অর্জন। আমি এই পুরস্কার ইয়াসের সকল উপদেষ্টা, শুভাকাঙ্খী, সদস্য ও পরিশ্রমী সহযোদ্ধাদের প্রতি উৎসর্গ করছি। তাঁদের আন্তরিকতা, পরিশ্রম ও সহযোগিতাই আমাকে আজকের এই অর্জনে অনুপ্রাণিত করেছে।”
এ অর্জন ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গর্ব ও অনুপ্রেরণার। এ স্বীকৃতি ভবিষ্যতে যুবসমাজের উন্নয়ন এবং সমাজের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহ জোগাবে। তরুণরাই গড়ব আগামীর বাংলাদেশ।

আপনার মতামত লিখুন