প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক :
খুলনাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রীর সফর সফল করা এবং সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি এবং এর সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রে জানা গেছে, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঐতিহাসিক রূপ দিতে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় প্রস্তুতি জোরদার করতে দু’দিনব্যাপী মতবিনিময় কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় খুলনা মহানগর ছাত্রদলের সঙ্গে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় মহানগর মহিলা দল, বাদ মাগরিব মহানগর যুবদল এবং রাত ৮টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় মহানগর শ্রমিক দল এবং দুপুর ১২টায় মহানগর কৃষক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আরও জানানো হয়, সোমবার (২ নভেম্বর) থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সফরের দিন স্টেডিয়াম ও আশপাশের এলাকাকে কীভাবে জনসমুদ্রে পরিণত করা যায়, সে লক্ষ্যেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন