ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ওমরাহ পালনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ সদস্যের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে মনোনীত সদস্যদের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কাফেলায় রয়েছেন ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্য।
এ সময় মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের উপযুক্ত সময় তারুণ্য। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। সব সংস্কারের মূল ভিত্তি মানসিকতার সংস্কার বলেও মন্তব্য করেন তিনি।
ওমরাহ পালনকালে যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন মহাপরিচালক। একই সঙ্গে পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন