প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নলছিটি উপজেলা প্রশাসন
মোঃ সাব্বির আহমেদ
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। মেধা ও যোগ্যতার সমন্বয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের এমন অর্জন পরিবার, শিক্ষক ও পুরো এলাকার জন্য গর্বের বিষয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ ও স্বীকৃতির প্রয়োজন রয়েছে। এ ধরনের আয়োজন তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতে আরও বড় অর্জনে উৎসাহিত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অভিভাবক ও শিক্ষানুরাগীরা।

আপনার মতামত লিখুন