আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস, দেশে আক্রান্ত প্রায় ১ কোটি ৩৯ লাখ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আগামীকাল ১৪ নভেম্বর পালিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
যেভাবে শুরু বিশ্ব ডায়াবেটিস দিবস
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিবসটি পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী জাতিসংঘের স্বীকৃত দিবস হিসেবে এটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগ ও অনুরোধে বাংলাদেশ সরকার জাতিসংঘে দিবসটি পালনের প্রস্তাব উত্থাপন করেছিল।
বাংলাদেশে ডায়াবেটিসের ভয়াবহ চিত্র
ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। আক্রান্তের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে।
প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ
বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা জানান, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
তিনি শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের পরামর্শ দেন।
তার মতে, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। পাশাপাশি ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করা প্রয়োজন।
দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা।
সমিতির অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতিগুলোও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করবে।
এ ছাড়া জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ এবং সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি রোগটি প্রতিরোধে সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই এ রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

আপনার মতামত লিখুন