ঝালকাঠির সম্বলকাঠিতে ৮ পরিবারের চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, 8:08 pm
ঝালকাঠির সম্বলকাঠিতে ৮ পরিবারের চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন

 

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্বলকাঠি গ্রামে আটটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ থাকার প্রতিবাদে এবং রাস্তা ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

 

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সম্বলকাঠি গ্রামের মো. মোফাজ্জেল খানের ছেলে মো. নজরুল ইসলাম, মানিক খানের ছেলে নাসির খান, শাহ আলম খান, মৃত সেকেন্দার আলীর ছেলে মো. বাবুল খান, আব্দুল মান্নান খান, বশির খান, শাহাজাহান খানের ছেলে লিটন খান, মৃত ইসমাইল খানের ছেলে মো. খোকন খান, ইসকান্দার আলী খানের ছেলে আব্দুর রাজ্জাক খান, মো. শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা জানান, প্রায় ২০ বছর ধরে তারা চলাচলের রাস্তা নিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বর্ষাকালে নৌকা ছাড়া বাড়ি থেকে বের হওয়া সম্ভব হয় না। শিশু-কিশোরদের স্কুলে যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হয়। পরিবারের কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার জন্য কোনো যানবাহন বা পরিবহন বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। এভাবে দীর্ঘদিন ধরে আটটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

 

তারা আরও অভিযোগ করেন, স্থানীয় চৌকিদার মো. নুরুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে অসহায় পরিবারগুলোর চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। পাশাপাশি পাশের বাড়ির ধীরেন শীল, সুধীর শীল, পরিমল শীল ও মনিকা শীলকে বিভিন্নভাবে প্রভাবিত করে রাস্তার জন্য জমি না দিতে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

অন্যদিকে ধীরেন শীল, সুধীর শীল ও পরিমল শীল জানান, তারা রাস্তার জন্য কোনো জমি দিতে রাজি নন। টাকা-পয়সা কিংবা অন্য কোনো কিছুর বিনিময়েও জমি দেওয়া হবে না। এ বিষয়ে কোনো ধরনের আপসেও তারা রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দেন।

 

দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সঙ্গে আটটি পরিবারের স্বাভাবিক চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।