বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো।
তবে এনজিওগ্রামের পর স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে কোনো রিং বা স্টেন্ট স্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি চিকিৎসক ডা. ফজলে রাব্বি।

আপনার মতামত লিখুন