ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ১৩ ক্যাটাগরি কমে ৯

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, 3:54 pm
ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ১৩ ক্যাটাগরি কমে ৯

 

নিজস্ব প্রতিবেদক:

 

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। এতে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের ঝামেলা কমার পাশাপাশি ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে দেশটির সরকার।

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে তথ্যের ঘর বা কলামের সংখ্যা ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য দেওয়ার বাধ্যবাধকতা কমবে।

 

নতুন ৯ ক্যাটাগরির ভিসা

 

নতুন কাঠামো অনুযায়ী, ভারত এখন থেকে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয়টি ক্যাটাগরিতে ভিসা দেবে।

 

এ সংস্কারে পর্যটক ভিসায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আগের ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এ ভিসার আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।

 

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও এ ভিসা ব্যবহার করা যাবে।

 

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় নতুন সুবিধা

 

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের জন্য চিকিৎসা ভিসায়ও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

 

রোগীদের সঙ্গে যাওয়া স্বজন ও সহকারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা দেওয়া হবে।

 

শিক্ষার্থীদের জন্যও নির্দিষ্ট করা হয়েছে ভিসার ধরন। স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের ক্ষেত্রে এস-২ ভিসা দেওয়া হবে।

 

এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। এ ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হতে পারে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

 

ব্যবসায়িক ভিসাতেও পরিবর্তন

 

নতুন নিয়মে ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ এবং ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বি-১ ভিসা ব্যবহার করা যাবে।

 

অন্যদিকে, স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য বি-২ ভিসা দেওয়া হবে।

 

ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি কারিগরি বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ থাকবে।

 

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম?

 

নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি কমানোই এ সংস্কারের মূল উদ্দেশ্য। নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বর্তমানে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদের কাজ চলছে।