যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন পেরিয়ে সৌদি আরবে যাচ্ছে মানুষ, একমাত্র ভরসা মরুভূমির পথ
নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের রিয়াদে পৌঁছাতে ৫২ বছর বয়সী নুরাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ। যুদ্ধের সম্মুখসারির এলাকা এড়িয়ে যেতে হয়েছে সতর্কতার সঙ্গে। অতিক্রম করতে হয়েছে একের পর এক তল্লাশিচৌকি। কয়েক শ কিলোমিটার যুদ্ধবিধ্বস্ত এলাকা পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে হয়েছে সৌদি সীমান্তে।
সীমান্তে পৌঁছানোর জন্য উত্তর ইয়েমেনের আল-জাওফ মরুভূমি পার হতে একজন বেদুইন পথপ্রদর্শক নিয়োগ করেন নুরা। তাঁর গন্তব্য ছিল আল-ওয়াদিয়া সীমান্তপথ, যা বর্তমানে স্থলপথে সৌদি আরবে প্রবেশের একমাত্র চালু রুট।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নুরার মতো অনেক ইয়েমেনি জীবিকার সন্ধানে, নিরাপত্তার আশায় কিংবা সৌদি আরবে বসবাসরত স্বজনদের সঙ্গে দেখা করতে এমন কঠিন যাত্রায় নামছেন। সৌদি আরবে পৌঁছানোর ক্ষেত্রে তাঁদের সামনে বিকল্প পথও খুব সীমিত।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলা অঞ্চল পেরিয়েই তাঁদের এই যাত্রা করতে হচ্ছে।
নুরা বলেন, সানা বিমানবন্দর বন্ধ থাকায় এবং দেশের দক্ষিণাঞ্চল ঘুরে যেতে কয়েক দিন বেশি সময় লাগায় তাঁরা মরুভূমির পথ বেছে নিয়েছেন।
এএফপিকে সাক্ষাৎকার দেওয়া অন্যদের মতো নুরাও নিজের প্রকৃত নাম প্রকাশ করতে চাননি।
মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি পাড়ি দেওয়ার জন্য পথপ্রদর্শককে ২০০ ডলার দিতে হয়েছে তাঁকে। বালুর মধ্যে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং কোন এলাকাগুলো এড়িয়ে চলতে হবে, সে বিষয়ে ধারণা থাকায় পথপ্রদর্শক নিয়োগের প্রয়োজন পড়ে।
এএফপির হাতে আসা নুরার ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধুলার মেঘ উড়িয়ে কয়েক ডজন পুরোনো ফোর-হুইল ড্রাইভ গাড়ি ও পিকআপ মরুভূমির বালুর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। অন্য একটি দৃশ্যে ঐতিহ্যবাহী পোশাক পরা কয়েকজনকে বালুতে আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।
নুরা জানান, হুতি নিয়ন্ত্রিত এলাকা ছাড়ার পর তাঁদের মরুভূমির ভেতরের পথ ধরতে হয়েছে। কারণ, সংঘর্ষের কারণে সড়কপথ নিরাপদ ছিল না।
তবে মরুভূমির বালিয়াড়িই একমাত্র বিপদ নয়। নভেম্বরের শুরুর দিকে ধারণ করা এএফপির আরেক ভিডিওতে দেখা যায়, মরুভূমির মধ্যে সাঁজোয়া যান থেকে সেনারা মেশিনগান দিয়ে গুলি ছুড়ছেন।
ইয়েমেন সরকার গত অক্টোবরে ওই এলাকায় হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। অন্যদিকে হুতিরা সেখানে সৌদি বিমান হামলার খবর জানিয়েছিল।
রিয়াদে বসবাসরত ছেলের সঙ্গে দেখা করতেই ৪৮ ঘণ্টার এই দীর্ঘ যাত্রা করেন নুরা।
অন্যদিকে অনেকে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় কিংবা কাজের সন্ধানে সৌদি আরব যাচ্ছেন। আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি কয়েক দশক ধরেই ইয়েমেনিদের কাছে কর্মসংস্থানের আকর্ষণীয় গন্তব্য।
যাঁদের বেদুইন পথপ্রদর্শক নিয়োগের সামর্থ্য নেই, তাঁদের বাসে যাতায়াত করতে হয়। তবে বাসগুলোকে দীর্ঘ ঘুরপথে চলতে হয়, ফলে যাত্রায় প্রায় ১০ ঘণ্টা অতিরিক্ত সময় লাগে।
সীমান্ত পার হওয়ার জন্য বাসগুলোকে কখনো কখনো কয়েক দিন অপেক্ষা করতে হয়। সীমান্তে বাসের জন্য আলাদা লেন রয়েছে। সেখানে সৌদি কর্তৃপক্ষ স্ক্যানার ও প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে যানবাহন এবং মালপত্র তল্লাশি করে।
অনিশ্চিত অবস্থান
উত্তর ইয়েমেনসহ হুতিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে সৌদি আরবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এই দীর্ঘ স্থলপথের কার্যকর বিকল্প নেই।
গত বছর ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
ইয়েমেনিরা সাধারণত সৌদি আরবের কাজের ভিসা কিংবা পর্যটন ভিসা পান না। ফলে তাঁদের অনেককে ধর্মীয় ভিসার ওপর নির্ভর করতে হয়। এসব ভিসা মূলত মক্কা ও মদিনা সফরের জন্য দেওয়া হয়।
হুতিদের নিয়ন্ত্রণাধীন বন্দরনগরী হোদেইদার ২৪ বছর বয়সী খোলুদ তাঁদেরই একজন। অন্তঃসত্ত্বা এই নারী স্বামীর সঙ্গে সৌদি আরবের তায়েফ শহরে থাকেন। তবে ধর্মীয় ভিসার মেয়াদ বাড়াতে তাঁকে প্রায়ই আল-ওয়াদিয়া সীমান্তে যাতায়াত করতে হয়।
হোদেইদায় সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাঁর স্বামী তাঁকে ইয়েমেনে ফিরতে দিতে চান না। অন্যদিকে খোলুদের স্ত্রীরোগ বিশেষজ্ঞও অন্তঃসত্ত্বা অবস্থায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।
তিন মাস মেয়াদি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা অনেককেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নিয়মিত সীমান্তে যাতায়াত করতে হয়।
সৌদি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ২০ লাখ ইয়েমেনি বসবাস করেন। গত ১১ অক্টোবর অবৈধভাবে বসবাসরত কিছু ইয়েমেনির অবস্থান বৈধ করতে দুই মাসব্যাপী অভিযান শুরু করে সৌদি আরব।
খোলুদ বলেন, ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে আসা ব্যক্তিরা বৈধভাবেই অবস্থান করছেন। তবে তাঁদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
‘ক্লান্তিকর পাঁচ দিনের যাত্রা’
ইয়েমেনের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে থাকায় আল-ওয়াদিয়া এখন দেশটির একমাত্র সচল স্থলসীমান্তপথ। সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ সীমান্ত দিয়ে প্রায় ২৩ লাখ বার যাত্রী ও যানবাহন পারাপার হয়েছে।
সানা থেকে সীমান্তে যেতে যাত্রীদের প্রায়ই সংঘাতকবলিত আল-জাওফ প্রদেশের মধ্য দিয়ে যেতে হয়। গত সেপ্টেম্বরে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকার কয়েকটি সড়ক এড়িয়ে চলার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিল।
২০১৪ সালে হুতিরা সানা দখলের পর থেকে ইয়েমেনের অস্থায়ী সরকার-সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে এডেন শহর। দক্ষিণাঞ্চলে যেতে হলে যাত্রীদের তাইজ ও এর আশপাশের সংঘাতপূর্ণ এলাকা অতিক্রম করতে হয়। এতে যাত্রা আরও দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
হুতিরা প্রায়ই এডেন শহরেও হামলা চালায়। গত মাসে শহরটির বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটে। বর্তমানে এডেন অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থানগুলো দখলে রেখেছে তারা।
চার বছর ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে হুতি এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। গত মাসে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানায়, তীব্র সংঘর্ষের কারণে আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
হুতিদের অস্ত্র ও সামরিক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সৌদি আরবও। দেশটির জ্বালানি স্থাপনা, বন্দর ও বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।
ষাটোর্ধ্ব ফাতিমাও সানা থেকে এক ছেলেকে সঙ্গে নিয়ে সৌদি আরবে থাকা আরেক ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছেন। সংঘর্ষ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নিজের কাছে থাকতে বলেছিলেন সৌদি আরবে থাকা ছেলে।
তবে পাঁচ দিনের দীর্ঘ ও ক্লান্তিকর সড়কযাত্রার অভিজ্ঞতা তাঁকে হতাশ করেছে। ফাতিমা বলেন, ‘কী অপেক্ষা করছে তা আগে জানলে আমি সানা ছেড়ে আসতাম না।’

আপনার মতামত লিখুন