গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। অভিযানে ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ রাতে রংপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা যায়, জর্দা শামীম গ্রেপ্তারের পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এসআরবি-৮-এর একটি চৌকস দল গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগানসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন, পিস্তল ও রিভলভারের ২ হাজার ২৮২ রাউন্ড কার্তুজ, শটগানের ৩১২ রাউন্ড এবং এয়ারগানের ১৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২ হাজার ৭৬১ রাউন্ড গোলাবারুদ।
উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন এবং আলামত সংরক্ষণের ১০টি ব্যাগ।
অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার তিনজনকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮-এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

আপনার মতামত লিখুন