গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতার
এম এম হোসেন,গোদাগাড়ী(রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক নারী ও এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল গ্রামস্থ জনৈক আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে শাহীন আলী এবং জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন। এ ঘটনায় শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে শাহীন (৫৬) নামের আরও একজন পলাতক রয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। চেকপোস্ট ডিউটিকালে সন্দেহভাজন হিসেবে শাহীন কোঁচ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি (মেড ইন ইউএসএ) দুটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে পূর্বেও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। এছাড়া পলাতক আসামি শাহীনের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন