বাল্টিক সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন
নিজস্ব প্রতিবেদক:
বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে আঘাত লেগেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলার কয়েক ঘণ্টা পর রাশিয়ার একটি হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ দুটি ঘটনার মধ্যে সম্ভাব্য যোগসূত্র রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেছেন, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের প্রভাব এখন আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, যুদ্ধ এখন তাদের কাছের এলাকায় ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।
ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা পেত্তেরি ব্লমভাল এএফপিকে জানান, শনিবার সকালে ইউক্রেনের ড্রোন হামলায় জাহাজটি আঘাতপ্রাপ্ত হয় এবং এতে আগুন ধরে যায়। জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটি নোঙর করা অবস্থায় রয়েছে এবং আগুন নেভানোর কাজ চলছে।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার সকালে দেশটির প্রতিরক্ষা বাহিনী ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে সুয়ারসারি দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা শনাক্ত করে। জাহাজটির নাম স্পার্টা-২। ওপেনস্যাংশনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ওয়েবসাইটটির দাবি, জাহাজটি সিরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
হামলার পর ঘটনাস্থলে পৌঁছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জাহাজটিতে আগুন জ্বলতে দেখতে পায়। জাহাজটি ফিনল্যান্ডের জলসীমার দিকে এগিয়ে যাচ্ছিল। নিরাপত্তার স্বার্থে জাহাজটির চারপাশে একটি নির্দিষ্ট এলাকায় চলাচল সীমিত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী জানায়, উদ্ধার অভিযানের পরিকল্পনা অনুযায়ী বিকল হয়ে পড়া জাহাজটিকে টেনে রাশিয়ার দায়িত্বাধীন জলসীমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
ড্রোন হামলার খবর পাওয়ার পরপরই ফিনল্যান্ড ন্যাটোকে বিষয়টি জানিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে। এ ছাড়া ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলের আকাশসীমা ও সমুদ্র এলাকায় সাময়িক চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ড্রোন হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন বলেন, রাশিয়ার একটি হেলিকপ্টার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, আকাশসীমা লঙ্ঘনের সন্দেহজনক ঘটনাটি ক্ষতিগ্রস্ত পণ্যবাহী জাহাজকে ঘিরে উদ্ধার অভিযান অথবা নজরদারি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

আপনার মতামত লিখুন