নির্ধারিত সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাধা নেই
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকছে না।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, এ সিদ্ধান্তের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু করা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ।
ওই রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।
পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সোমবার সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেন সর্বোচ্চ আদালত। এর ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের পথ খুলেছে।

আপনার মতামত লিখুন