বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চেয়েছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, 4:45 pm
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চেয়েছেন

 

নিজস্ব প্রতিবেদক :

 

দীর্ঘ দুই বছর ধরে ভারতে নির্বাসিত থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়ার পর এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান।

 

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার তিনি একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, সংবিধানবহির্ভূত উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

 

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে গত রোববার বার্তা সংস্থাটিকে দেওয়া এক বক্তব্যে সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে ওই সময় তাঁর নির্দেশনায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হওয়ার তথ্য উঠে আসে। পরবর্তীতে গত বছরের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

সূত্র: রয়টার্স