পায়রা ও বেলুন উড়িয়ে ঝালকাঠিতে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন
মেহেদী হাসান,ঝালকাঠি:
“রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, ঝালকাঠির সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক সাদা পায়রা এবং ফেস্টুনসহ রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঝালকাঠি এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঝালকাঠি সদর-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, স্থানীয় খামারি (তানভীর পোল্ট্রি এন্ড এগ্রো ফার্ম, কৃষ্ণকাঠি) এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নীরোদ বরন জয়ধর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর, সিভিল সার্জন, ঝালকাঠি
জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝালকাঠি
মিস্ সেগুফতা মেহনাজ, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর, ঝালকাঠি
এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৬-এর সুসজ্জিত প্রবেশদ্বার ও স্টলগুলোতে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি ও সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তারা রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন