গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক :
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আপসহীন। যেকোনো অপতৎপরতা বা গুজব সৃষ্টিকারীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এটি শৃঙ্খলাবোধ তৈরি করে, যা পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া মাদকমুক্ত সমাজ গঠনেও নিয়মিত খেলাধুলার ভূমিকা অপরিসীম। ক্রীড়াক্ষেত্রে ভালো করতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও দর্শকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এ এন এম মারুফ আবদুল্লাহ। অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ও উশু—উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রানার্সআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ।
তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অন্যদিকে, কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার্সআপ হয়েছে সিএমপি।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

আপনার মতামত লিখুন