ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা নতুন করে গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
ফ্যাসিবাদ আমলে ধ্বংস হওয়া দেশের শিক্ষাব্যবস্থা নতুন করে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত করা সম্ভব হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন সরকারপ্রধান।
তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। এ সময় তিনি এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন