প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকর করতে চান প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 6:44 pm
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকর করতে চান প্রতিমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক:

 

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা এবং শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

 

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রম আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

 

বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের শিখনফল উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, কাঠামোবদ্ধ পাঠদান এবং শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।

 

এ সময় প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।