মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 6:45 pm
মধ্যপ্রাচ্য সংকট জ্বালানি নিরাপত্তার ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ

 

নিজস্ব প্রতিবেদক:

 

ইরানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির মতে, এই সংকটের প্রভাব সামাল দিতে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা হিমশিম খাচ্ছে, যার বাড়তি মূল্য শেষ পর্যন্ত ভোক্তাদেরই দিতে হচ্ছে।

 

বৃহস্পতিবার সংস্থাটির বার্ষিক প্রধান প্রতিবেদন ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ এ সতর্কবার্তা দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইইএ বলছে, আগের জ্বালানি সংকটগুলোর মতো এই সংকটও বিশ্ব অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

 

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে এবং ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকারে হামলা শুরু করে। এতে উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানিতে বড় ধরনের বাধার মুখে পড়ে। সংকটের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। যুক্তরাষ্ট্র জাহাজ চলাচল নিরাপদ রাখার বিভিন্ন উদ্যোগ নিলেও সরবরাহ ব্যবস্থা এখনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল প্রতিবেদনে বলেন, হরমুজ প্রণালির সংকট জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল সংকটকেও ছাড়িয়ে গেছে।

 

তিনি জানান, উৎপাদক দেশগুলো বাজারে বাড়তি সরবরাহ আনছে, বিকল্প পরিবহন পথ ব্যবহার করছে এবং চীন আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি কেনাকাটা কমিয়েছে। বিভিন্ন দেশের সরকার ভোক্তাদের সুরক্ষায় পদক্ষেপ নিলেও এসব উদ্যোগের পরও মানুষ উচ্চমূল্য এবং কোথাও কোথাও সরবরাহ ঘাটতির মুখে পড়ছে।

 

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন সুরক্ষামূলক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় বাড়তি মূল্য ও সরবরাহের চাপ ক্রমেই ভোক্তাদের ওপর এসে পড়ছে। গত জুলাইয়ে অবশ্য বিরোল তেলের বাজারে কয়েকটি ইতিবাচক পরিস্থিতি থাকায় কিছুটা স্বস্তির কথা জানিয়েছিলেন।

 

### জলবায়ু সম্মেলনের আগে প্রকাশিত প্রতিবেদন

 

ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোর ওপর চাপ বাড়ছে। এর মধ্যেই তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্বনেতাদের সমবেত হওয়ার আগে আইইএর প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

 

জ্বালানি খাতের ভবিষ্যৎ বিশ্লেষণে আইইএ তিনটি পরিস্থিতি বিবেচনা করে। এর মধ্যে একটি বর্তমান কার্যকর নীতির ভিত্তিতে, দ্বিতীয়টি সরকারের ঘোষিত নীতির ভিত্তিতে এবং তৃতীয়টি ২০৫০ সালের মধ্যে বিশ্বে নিট শূন্য কার্বন নির্গমন অর্জনের লক্ষ্য ধরে তৈরি করা হয়েছে।

 

মধ্যবর্তী পরিস্থিতির পূর্বাভাস অনুযায়ী, বিশ্বে তেলের চাহিদা ২০৩০ সালের দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে কমতে শুরু করবে। অন্যদিকে, গ্যাসের চাহিদা প্রায় ২০৩৫ সাল পর্যন্ত বাড়তে পারে। চলমান মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা বিবেচনায় নিয়ে প্রতিবেদনে আরও দুটি অতিরিক্ত পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাতিহ বিরোল বলেন, জ্বালানি খাত ও বৈশ্বিক অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখালেও সংকট যত দীর্ঘ হবে, এর প্রভাব তত গভীর হবে। জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যেতে পারবে—এমন কোনো নির্ভরযোগ্য পথ তিনি দেখতে পাচ্ছেন না বলেও মন্তব্য করেন আইইএর নির্বাহী পরিচালক।