পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, রেকর্ড দানের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকাল সোয়া ৭টায় মসজিদের দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এবার দানবাক্সের সংখ্যা ১৩টি থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। সংগৃহীত টাকা গণনার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দানবাক্স থেকে টাকা বের করে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে শুরু হয় টাকা গণনার কার্যক্রম।
সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের খ্যাতি এখন বিশ্বজুড়ে। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষ এখানে মানত করেন এবং দান করেন। মসজিদের বর্তমান চাহিদা ও বিপুলসংখ্যক মানুষের সমাগম বিবেচনায় এর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদসংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
টাকা গণনার কাজে মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের কর্মচারী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছেন। এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। তখন ৪৩ বস্তা টাকা উদ্ধার করা হয়। এবার ৫১ বস্তা টাকা পাওয়ায় নতুন রেকর্ডের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, টাকা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে মোট দানের পরিমাণ ঘোষণা করা হবে। পুরো প্রক্রিয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে।
কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ৩১ সদস্যের একটি কমিটি রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাগলা মসজিদে দানের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। নগদ অর্থের পাশাপাশি নিয়মিত স্বর্ণালঙ্কার, রুপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যাচ্ছে। বর্তমানে মসজিদের ব্যাংক হিসাবে ১৩১ কোটি ৮৫ লাখ টাকার বেশি জমা রয়েছে। সম্প্রতি ছয় বছরের জমা স্বর্ণ ও রুপার অলঙ্কার গণনা করে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া গেছে। এসব অলঙ্কার নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন