এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, 5:09 pm
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের।

 

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।