ডেঙ্গুতে ঝালকাঠির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু
মোঃ মাসুম খান, ঝালকাঠি:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. শহিদুল ইসলাম মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মেরিন সুলতানা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম। দায়িত্ব পালন শেষে অসুস্থ বোধ করলে তাঁকে পুলিশ লাইনে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।#

আপনার মতামত লিখুন