বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে সংগঠনের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠান উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা, নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি সচিবালয় থেকে শুরু করে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম দেশের শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
মন্ত্রী বলেন, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার ওপর সরকারের নীতি ও সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন কেবল সদস্যদের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষার সংগঠন নয়; বরং পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, পেশাগত উৎকর্ষ এবং একটি দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় প্রশাসনের প্রতিটি স্তরে পেশাদারত্ব, নিরপেক্ষতা, নৈতিকতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশনের সদস্যরা এসব মূল্যবোধ ধারণ করে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি আয়োজকদের সফলতা কামনা করেন। পাশাপাশি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিসহ সংগঠনের সকল সদস্যের পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”

আপনার মতামত লিখুন