হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে বালু উত্তোলন, নৌপুলিশের বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নাকের ডগায় ১০টির বেশি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। বালু পরিবহন ও লোড-আনলোডের কাজে ব্যবহৃত হচ্ছে প্রায় ১২০টি নৌযান। এ কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে পাটুরিয়া নৌপুলিশের একটি অসাধু অংশকে নিয়মিত মাসোহারা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে উপজেলার দুর্গম আলোকদিয়া চর এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৭ ও ৮ নম্বর টাওয়ারসংলগ্ন এলাকায় বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, শাহ আলমের অনুসারীদের পাহারায় প্রভাবশালী একটি বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনে বসতভিটা, ফসলি জমি এবং জাতীয় গ্রিডের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ঝুঁকির মুখে পড়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে রিট পিটিশন নম্বর ১০৭৭৯/২০২৬-এর বিষয়ে হাইকোর্ট বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন বলে জানা গেছে। একই সঙ্গে মানিকগঞ্জের জেলা প্রশাসককে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদালতের নির্দেশনার পরও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের আরও গুরুতর দিক হলো, নৌপুলিশের অভিযানের আগেই সংশ্লিষ্ট বালু উত্তোলনকারী চক্রকে মুঠোফোনে সতর্ক করে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফোনে বলা হয়, ‘আমরা আসছি, আপনারা সরে যান।’ ফলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ড্রেজার ও বালুবাহী নৌযান সরিয়ে নেওয়ার সুযোগ পায় চক্রটি। স্থানীয়দের দাবি, নৌপুলিশের একটি অংশের সঙ্গে যোগসাজশ ও নিয়মিত মাসোহারা লেনদেনের মাধ্যমেই এ অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নৌপুলিশের ফরিদপুর রেঞ্জের পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে? আদালতের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের ভূমিকা কী? নৌপুলিশের বিরুদ্ধে ওঠা মাসোহারা ও আগাম সতর্কবার্তার অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি?
এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ব্যবহৃত ড্রেজার জব্দ, নৌপুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাঁদের প্রশ্ন, উচ্চ আদালতের নির্দেশনা ও দেশের প্রচলিত আইন উপেক্ষা করে কোনো বালু উত্তোলনকারী চক্র কি আইনের ঊর্ধ্বে?

আপনার মতামত লিখুন