নবগ্রামে চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের ৪০০ মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে বিশাল শোডাউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, 11:33 pm
নবগ্রামে চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের ৪০০ মোটরসাইকেল ও পিকআপ ভ্যান নিয়ে বিশাল শোডাউন

 

 

ঝালকাঠি সংবাদদাতা:

 

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী মো. ফারুক হোসেনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নবগ্রাম ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪০০ মোটরসাইকেল ও ডজনখানেক পিকআপ ভ্যান অংশ নেয়।

 

শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ সময় অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।

 

আয়োজকদের দাবি, শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ ফারুক হোসেনের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন। কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় কয়েকজন ভোটার জানান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন একজন সাদা মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা রয়েছে। তাঁদের মতে, বিএনপির সমর্থন পেলে চেয়ারম্যান পদে তিনি ভালো করবেন এবং বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী মো. ফারুক হোসেন বলেন, “আমি আগে থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নবগ্রাম মডেল স্কুলসহ এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়েছি। এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি দলের বিভিন্ন কর্মসূচিতে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও নবগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

 

তিনি আরও বলেন, দলীয় সমর্থন পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।