যুক্তরাষ্ট্রে আবারও হামের প্রাদুর্ভাব, টিকাদানের হার কমায় বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
টিকাদানের হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংক্রামক রোগ হাম। একসময় নির্মূল হিসেবে স্বীকৃতি পাওয়া রোগটি আবারও দেশটির জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ট্রাহার্ন ডব্লিউ জোনস এএফপিকে বলেন, একসময় হামকে অতীতের রোগ হিসেবে বিবেচনা করা হতো। যুক্তরাষ্ট্রে এ রোগের রোগী দেখার প্রয়োজন হবে, এমনটা চিকিৎসকেরা ভাবতেন না।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের অর্জন আর বজায় নেই। চলতি বছরে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে ইউটাহ অঙ্গরাজ্যেই আক্রান্ত হয়েছেন ৫০০ জনের বেশি।
জোনসের ভাষায়, পরিস্থিতি এমন যে অতীতের কোনো রোগ যেন আবার বাস্তবে ফিরে এসেছে। তাঁর আশঙ্কা, সরকারি হিসাবে আক্রান্তের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ, চলতি বছর তিনি নিজেই বহু শিশুর চিকিৎসা করেছেন।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত লালচে ফুসকুড়ি দেখা দেয়। এর পাশাপাশি জ্বর ও শ্বাসতন্ত্রের সমস্যা হতে পারে। গুরুতর অবস্থায় নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা এমনকি মৃত্যুর কারণও হতে পারে।
শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি
জোনস জানান, হামে আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা অনেক সময় অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। রোগটি তাদের জন্য ভয়াবহ কষ্টের কারণ হতে পারে।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি শিশু হাসপাতালে কর্মরত সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেসিকা এরিকসন জানান, চলতি বসন্ত থেকে এ পর্যন্ত তাঁর বিভাগে প্রায় ৩০ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।
চলতি বছর পেনসিলভানিয়ায় ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। অঙ্গরাজ্যটিতে বসবাসকারী আমিশ সম্প্রদায়ের অনেকেই ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা গ্রহণ করেন না। এ পর্যন্ত সেখানে হামে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের কেউই টিকা নেননি।
এরিকসন বলেন, সাধারণ ভাইরাসজনিত জ্বরের তুলনায় হামের জ্বর অনেক বেশি তীব্র হতে পারে। এ ছাড়া হাম ভাইরাস শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে, ফলে আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্যান্য জটিলতা তৈরির আশঙ্কাও বেড়ে যায়।
তাঁর হিসাব অনুযায়ী, হাম আক্রান্তদের প্রায় ১০ থেকে ২০ শতাংশের ক্ষেত্রে মূল রোগের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। এমনকি এ ভাইরাসের কারণে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে, যার লক্ষণ অনেক বছর পরও প্রকাশ পেতে পারে।
টিকা নিয়ে সচেতনতার অভাব
চিকিৎসক পল অফিট তিন দশকেরও বেশি সময় আগের হাম প্রাদুর্ভাবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রোগটি কতটা ভয়াবহ হতে পারে, সে সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কমে গেছে।
তিনি এএফপিকে বলেন, হাম ভাইরাসে আক্রান্ত হলে একজন মানুষ কতটা গুরুতর অসুস্থ হতে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে—অনেকেই তা ভুলে গেছেন।
টিকা না নেওয়ার সিদ্ধান্তের ঝুঁকি তুলে ধরে অফিট বলেন, হামের মতো প্রাণঘাতী সংক্রমণ প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানে কার্যকর উপায় জানা রয়েছে। তাই টিকা গ্রহণ না করার সিদ্ধান্ত শুধু ব্যক্তির নিজের নয়, অন্যদের স্বাস্থ্যকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
অন্যদিকে, জোনসের মতে, যুক্তরাষ্ট্রে হাম ফিরে আসার অন্যতম কারণ টিকা নিয়ে ব্যাপক ভুল তথ্যের প্রচার। তাঁর বক্তব্য অনুযায়ী, টিকা না নেওয়া শিশুদের মধ্যে একাংশ ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের সদস্য। আবার অনেক পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরস্পরবিরোধী বক্তব্যের কারণে টিকার গুরুত্ব নিয়ে বিভ্রান্তিতে পড়েছে।
চিকিৎসকদের মতে, হাম প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা গ্রহণের হার কমে গেলে এই সংক্রামক রোগ আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

আপনার মতামত লিখুন