প্রজননের টানে সাগরমুখী ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া, শুরু বার্ষিক যাত্রা
নিজস্ব প্রতিবেদক:
অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে বন থেকে সাগরের দিকে বার্ষিক যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। এ সপ্তাহে দ্বীপটির পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
ভারত মহাসাগরের প্রত্যন্ত এই দ্বীপে বর্ষা মৌসুম শুরু হলেই প্রতিবছর প্রজননের উদ্দেশ্যে লাল কাঁকড়াগুলো সাগরের দিকে ছুটে যায়। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পার্কস অস্ট্রেলিয়া জানিয়েছে, কাঁকড়াগুলো চাঁদের শেষ চতুর্থাংশের সময় ভাটার দিকে নামতে থাকা জোয়ারের সঙ্গে ভোর হওয়ার আগেই সাগরে ডিম ছাড়তে চায়।
ক্রিসমাস দ্বীপটি ইন্দোনেশিয়ার ৩৫০ কিলোমিটার দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
পার্কস অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, বন্যপ্রাণীর এই অসাধারণ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ক্রিসমাস দ্বীপে আসেন।
তিনি জানান, লাল কাঁকড়ার সংখ্যা পুনরুদ্ধারে চলমান সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে হলুদ পাগলা পিঁপড়া নিয়ন্ত্রণের উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এনেছে।
এসব উদ্যোগের ফলে দ্বীপটিতে লাল কাঁকড়ার সংখ্যা প্রায় পাঁচ কোটি থেকে বেড়ে বর্তমানে ১০ কোটিরও বেশি হয়েছে বলে জানান চার্ট্রেস।
তিনি আরও বলেন, লাল কাঁকড়া দ্বীপটির বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। দ্বীপের জীবসমষ্টি এবং তাদের চারপাশের জৈব ও অজৈব পরিবেশের পারস্পরিক ক্রিয়া ও নির্ভরশীলতা বজায় রাখতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আপনার মতামত লিখুন