ঝালকাঠী’র পোনাবালিয়া কিস্তাকাঠী-দেউরী অটো মালিক-চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত যাত্রীসেবার মান উন্নয়ন ও হয়রানিমুক্ত পরিবহন ব্যবস্থার আহ্বান -এ্যাড. মুবিনের
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠী-দেউরী অটো মালিক-চালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২০ নভেম্বর কিস্তাকাঠী স্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে উভয় বিজয়ী প্রার্থী মাত্র এক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে দেলোয়ার হাওলাদারকে এক ভোটে পরাজিত করে মো. জাকির খা নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এনছাব আলী হাওলাদারকে এক ভোটের ব্যবধানে হারিয়ে আরিফ শরীফ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন সম্ভাব্য পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সদস্য সচিব (পদ স্থগিত) অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচন পরবর্তী উপস্থিত ভোটার ও স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সমিতির সদস্যদের কল্যাণ ও অধিকার রক্ষার পাশাপাশি ইউনিয়নের প্রায় ১২ হাজার যাত্রীর নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। কোনো যাত্রী যেন চালক বা পরিবহনসংশ্লিষ্টদের দ্বারা হয়রানি কিংবা দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পরিবহন শ্রমিকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ গড়ে তুলতে হবে। চালক ও মালিকদের কেউ যেন মাদকাসক্তি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সমিতিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে স্ট্যান্ডে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহন চলাচলে নিয়মনীতি অনুসরণ এবং ইউনিয়নের কোথাও যেন নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
অ্যাডভোকেট মুবিন আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তাই বিজয়ী ও পরাজিত সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করতে হবে। একটি সংগঠনের প্রকৃত সাফল্য নির্ভর করে পারস্পরিক ঐক্য, সহযোগিতা, দায়িত্ববোধ ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর।
তিনি নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ব্যক্তিরা পোনাবালিয়া ইউনিয়নে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, জনবান্ধব পরিবহনসেবা, সামাজিক সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও উন্নত আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন

আপনার মতামত লিখুন