কেমব্রিজের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’
’
নিজস্ব প্রতিবেদক:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং মানুষের ভবিষ্যৎ নিয়ে নানা উদ্বেগের মধ্যে কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’। শব্দটির অর্থ—দেবতা, প্রাণী কিংবা যন্ত্রের বিপরীতে মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য, অনুভূতি, গুণাবলি ও সীমাবদ্ধতা থাকা।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ডের মতে, এআইয়ের অগ্রগতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের কারণে ‘হিউম্যান’ শব্দটি ২০২৬ সালের সময়ের চেতনাকে তুলে ধরেছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
উডওয়ার্ড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন আশঙ্কা থেকে মানুষ মানবসত্তার প্রকৃত অর্থ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। তাঁর ভাষায়, মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত একাধিক শব্দকে পেছনে ফেলে ‘হিউম্যান’ এই স্বীকৃতি পেয়েছে। কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদদের পর্যবেক্ষণে ‘হিউম্যান-মেইড’ ও ‘হিউম্যান অথর’-এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’-এর ব্যবহার বেড়েছে। প্রযুক্তি মানুষের জীবন ও চিন্তাভাবনাকে কীভাবে প্রভাবিত করছে, শব্দটির নির্বাচন তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে আকর্ষণীয় নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা পরিবর্তিত হচ্ছে।
এআই নিয়ে বাড়ছে বিতর্ক
ম্যাকক্লেল্যান্ড বলেন, মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য নির্ধারণের চেষ্টা চলছে। একই সঙ্গে জীবিত মানুষ এবং মানুষের তৈরি কৃত্রিম সত্তার স্বাতন্ত্র্য নিয়েও প্রশ্ন উঠছে। চেতনা, সৃজনশীলতা ও সহমর্মিতার মতো বৈশিষ্ট্যই মানুষকে অন্য সত্তা থেকে আলাদা করে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
মানুষ হওয়ার অর্থ কী—এ নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত দিয়েছেন।
বর্ষসেরা শব্দ নির্বাচনের তালিকায় ‘হিউম্যান’-এর পাশাপাশি ছিল আরও কয়েকটি শব্দ। এর মধ্যে ‘এজেন্ট’ বলতে এমন এআই ব্যবস্থাকে বোঝায়, যা মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই জটিল কাজ সম্পন্ন করতে পারে।
‘হোলসাম’ শব্দের অর্থ শারীরিক, মানসিক বা নৈতিকভাবে উপকারী এবং জীবনকে উন্নত করে—এমন কিছু। আর ‘ডাসকিং’ হলো অবসর কাটানোর একটি পদ্ধতি, যেখানে দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়। নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী এই চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উপায় হিসেবে আবার জনপ্রিয় হচ্ছে।
ডিকশনারিতে যুক্ত নতুন শব্দ
২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারিতে যুক্ত হওয়া নতুন শব্দের মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’। এর মাধ্যমে এমন আচরণ বা কর্মকাণ্ডকে বোঝানো হয়, যা নিজের ব্যক্তিত্বের প্রশংসনীয় দিক অন্যদের সামনে তুলে ধরে।
আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’। এর অর্থ, নিজের শারীরিক চেহারাকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা।
কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দ কতবার খোঁজা হচ্ছে, তা-সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়।
এদিকে, আগামী বছর আলোচনায় আসতে পারে এমন শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’। এ শব্দের অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে সক্ষম হওয়ায় নিজের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়।
তালিকায় আরও রয়েছে ‘ওয়েদার হুইপল্যাশ’। আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত বিপরীতধর্মী আরেক চরম অবস্থায় পরিবর্তিত হওয়াকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
এর আগে ২০২৫ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে পরিচিত নন—এমন কোনো বিখ্যাত ব্যক্তি বা কাল্পনিক চরিত্রের সঙ্গে একধরনের একতরফা সম্পর্ক কিংবা ঘনিষ্ঠতা অনুভব করাকে বোঝায় শব্দটি।

আপনার মতামত লিখুন